দ্বিতীয় দফায় সাজেক ভ্যালী ছেড়েছেন আটকে পড়া আরো ৪১১ জন পর্যটক। শুক্রবার সকালে নৌকা ও বাঁশের ভেলাতে করে পর্যটকদের ডুবে যাওয়া রাস্তা পার করিয়ে দেওয়া হয়।
এর আগে সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় বৃহস্পতিবার ১৫০ জন পর্যটক সাজেক থেকে চলে গেছেন। বর্তমানে সাজেক ভ্যালীতে কোন পর্যটক নেই।
সাজেক ভ্যালীর রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেববর্মন এসব তথ্য নিশ্চিত করেন।
প্রশাসন ও সাজেক ভ্যালীর রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সূত্রে জানা গেছে, টানা বর্ষণের ফলে রাঙামাটির মাচালং-বাঘাইহাট-দীঘিনালাসহ মূল রাস্তার বিভিন্ন স্থানে প্লাবিত হয়। এতে সাজেক ভ্যালীতে ৫৬১ পর্যটক আটকা পড়েন।
আটকে পড়া পর্যটকদের সমিতির পক্ষ থেকে বিনা ভাড়ায় রাখার ব্যবস্থা করা হয়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বৃহস্পতিবার প্রথম দফায় ১৫০ জন ও দ্বিতীয় দফায় আজ ৪১১ জন পর্যটক সাজেক ভ্যালী ত্যাগ করেন।
এদিকে গত মঙ্গলবার সন্ধ্যায় সাজেক ভ্যালীসহ জেলার ঝর্ণা, রিসোর্ট ও পর্যটন স্পট ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, সাজেকে আটকা পড়া সকল পর্যটকরা নিরাপদে ছিলেন। গতকাল ১৫০ জন ও আজ ৪১১ জন পর্যটক সাজেক ভ্যালী ত্যাগ করেছেন।


