শুদ্ধি অভিযানের ঘোষণা, বিএনপি নেতাকর্মীদের কড়া বার্তা আইনমন্ত্রীর

শুদ্ধি অভিযানের ঘোষণা, বিএনপি নেতাকর্মীদের কড়া বার্তা আইনমন্ত্রীর
ঝিনাইদহে এক আলোচনা সভায় বক্তব্য দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান খান বিএনপির নেতাকর্মীদের দুর্বৃত্তায়নের পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে শিগগিরই দলটির ভেতরে শুদ্ধি অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন।

ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে রোববার রাতে ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘আর্থসামাজিক উন্নয়নে ঝিনাইদহবাসীর ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপির মধ্যে কেউ যদি দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত থাকে, তবে এখনই সেই পথ থেকে সরে আসতে হবে।’ প্রধানমন্ত্রীর কার্যপদ্ধতি অনুসরণের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করে বলেন, তা না হলে তাদের জন্য রাজনীতির দরজা বন্ধ হয়ে যাবে।

তিনি আরও বলেন, দলের ভেতরে কেউ যদি কালো টাকার মালিকদের সঙ্গে সম্পৃক্ত থাকে বা তাদের প্রভাবে পরিচালিত হয়, তাহলে তাদের মুখোশ উন্মোচন করা হবে। প্রয়োজনে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে, নতুবা দল থেকে বহিষ্কার করা হবে। খুব দ্রুতই বিএনপির ভেতরে শুদ্ধি অভিযান চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় তিনি জানান, আগামী পহেলা বৈশাখে কৃষক কার্ডের উদ্বোধন করা হবে। কৃষিজমির শ্রেণি পরিবর্তন এবং মাটি কেটে ইটভাটায় বিক্রির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, নদীর মাটি ইটভাটায় ব্যবহার করা যায় কি না সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। তবে কৃষিজমির মাটি কাটলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর