বিগত সরকারের সমালোচনা করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংসের প্রজেক্ট নেওয়া হয়েছিল। যার ফলে ২০০৬ সালের তুলনায় বর্তমান শিক্ষা খাত বহু পিছিয়ে পড়েছে।
তার মতে, একটি জাতিকে ধ্বংস করতে নিউক্লিয়ার বোমার প্রয়োজন নেই, শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করাই যথেষ্ট।
শনিবার সন্ধ্যায় গাজীপুরের কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি।
আসন্ন ২০২৭ সালের সেশন থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় বড় পরিবর্তনের আভাস দিয়ে মন্ত্রী জানান, কারিগরি, মাদ্রাসা ও সাধারণ শিক্ষার কমন বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের আশঙ্কাজনক ঝরে পড়ার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি ও গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।
এবারের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে ৫৪৬ জন নবীন শিক্ষার্থী অংশ নেন।


