শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ভবন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত হয়েছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ তুলে নির্ধারিত সময়ে নির্বাচন বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের নয় দফা দাবির অন্যতম ভিত্তি ছিল এ দেশে ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদভিত্তিক। যারা মব তৈরি করে বা দলীয় প্রভাব খাটিয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করতে চায়, তারা মূলত জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘এ দেশের নির্বাচনবিরোধী শক্তি ভারত ও আওয়ামী লীগের সঙ্গে সুর মিলিয়ে বিএনপি ও ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর মাধ্যমে তারা ছাত্র সমাজ ও জুলাই প্রজন্মের বিপক্ষে নিজেদের দাঁড় করিয়েছে।’ নির্ধারিত সময়ের মধ্যে শাকসু আয়োজনের দাবি জানান তিনি।

সমাবেশে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী বলেন, ‘বিএনপি সবসময় ছাত্র সংসদ নির্বাচনকে ভয় পায়। তিন তিনবার ক্ষমতায় এসেও তারা কোনো নির্বাচন দেয়নি, আর এখনো তারা একই ষড়যন্ত্রে লিপ্ত।’

আরও পড়ুন

সমাবেশে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ছাত্রদলের দ্বিমুখী আচরণের সমালোচনা করে বলেন, ‘মানুষের ভোটাধিকার আদায়ের জন্য ছাত্রদলের দীর্ঘ সংগ্রামের ইতিহাস থাকলেও বর্তমানে তারা পরাজয়ের ভয়ে ছাত্র সংসদ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি জাতির জন্য অত্যন্ত লজ্জার বিষয়। মববাজি আর দলীয় প্রভাব খাটিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র জুলাই প্রজন্ম কোনোভাবে মেনে নেবে না।’

একদিকে নির্বাচন কমিশনের সামনে মব তৈরি, অন্যদিকে বিএনপিপন্থী আইনজীবীর মাধ্যমে আদালতে প্রভাব খাটিয়ে নির্বাচন বন্ধের অভিযোগ করেন তিনি।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, অর্থ সম্পাদক আনিসুর রহমান এবং গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও জকসু ভিপি রিয়াজুল ইসলাম, ডাকসু এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মুহা. মহিউদ্দিন। সঞ্চালনা করেন ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রশিবিরের সভাপত ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ।

এ ছাড়া, ঢাকা মহানগরী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ছাত্ররা এই মিছিলে অংশগ্রহণ করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর