লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে বিএনপি নেতাসহ আহত ৪, ককটেল বিস্ফোরণ

লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে বিএনপি নেতাসহ আহত ৪, ককটেল বিস্ফোরণ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

লক্ষ্মীপুরের রায়পুরে ছুরিকাঘাতে বিএনপি নেতাসহ চারজন আহত হয়েছেন। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় হামলাকারী হিসেবে অভিযুক্ত এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন বিএনপি নেতা এবাদ উল্যা গাজী (৬৬), জাহিদুল ইসলাম (১৫), খোরশেদ আলম (৩৪) ও আরও একজন। তাদের মধ্যে এবাদ উল্যা গাজী ও জাহিদুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খোরশেদ আলম হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সঞ্জয় দাস বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় হামলাকারী হিসেবে অভিযুক্ত সাইফুল ইসলাম সুজন (৩০) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। তার বাড়ি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে থানায় নেওয়া হয়েছে।

পুলিশের কাছে দেওয়া তথ্য অনুযায়ী, সুজন ঢাকার বায়তুল মোকাররম এলাকায় ফুটপাতে টুপি বিক্রি করেন।

আরও পড়ুন

এ ঘটনার জন্য বিবাদমান প্রতিপক্ষ শামীম গাজীর পক্ষকে দায়ী করেছেন আহত ব্যক্তিদের স্বজন ও সংশ্লিষ্টরা। স্থানীয়দের ধারণা, গত সোমবার রাতে একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ শামীম গাজীকে গ্রেপ্তার করার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। 

অভিযুক্ত সুজন দাবি করেন, এক লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে সেখানে নেওয়া হয়েছে। আসিফ নামের এক ব্যক্তি এবাদ উল্যা গাজীকে হত্যার উদ্দেশ্যে তাকে নিয়ে আসেন। আসিফ ঢাকায় তার সঙ্গে টুপি বিক্রির ব্যবসা করেন বলেও দাবি করেন সুজন। তিনি বলেন, শামীম গাজী কিংবা এবাদ উল্যা গাজীকে ব্যক্তিগতভাবে চেনেন না।

ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে রাতেই খাসেরহাট বাজারে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, হামলাকারী হিসেবে অভিযুক্ত সাইফুল ইসলাম সুজনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা জড়িত, তা তদন্ত করে বের করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad