লক্ষ্মীপুরে এক কিশোরী যাত্রীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম তাজ উদ্দিন।
বৃহস্পতিবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এর আগে সদর উপজেলার চররমনী মোহন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তাজ উদ্দিন একই এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী কিশোরীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট মাস আগে মেয়েটির বিয়ে হয়। বুধবার সে শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। ওইদিনই মায়ের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে সে লক্ষ্মীপুর আসে। পরে আবার বাড়ি ফিরতে গিয়ে পথ ভুলে যায়। তখন অটোরিকশা চালক তাজ উদ্দিন তাকে বাড়িতে পৌঁছে দেবেন বলে রিকশায় উঠিয়ে নেন।
চরমনী মোহন এলাকায় পৌঁছালে একটি নির্জন বাগানে কিশোরীটিকে টেনে হিঁচড়ে রিকশা থেকে নামিয়ে ধর্ষণ করেন অভিযুক্ত তাজ উদ্দিন। পরে মেয়েটিকে রাস্তায় ফেলে রেখে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। এরপর রাতে মেয়েটির মা বাদী হয়ে তাজ উদ্দিনকে আসামি করে সদর থানায় মামলা করেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, থানায় ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় রিকশাচালক তাজ উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়। বিষয়টির তদন্ত করা হচ্ছে।


