কক্সবাজারের উখিয়া ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে কাবুলা বেগম (২০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের, এইচ-১১১ সাব ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন, রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন।
তিনি জানান, নিহত কাবুলা বেগম উখিয়া ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি ১৭ নম্বর ক্যাম্পের এইচ-১০৮ ব্লকের ওবায়দুল্লাহ মাদ্রাসায় শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি একই ক্যাম্পের বাসিন্দা জনৈক ইয়াছমিন নামের এক নারীর শেডে লজিং থেকে শিশুদের পড়াতেন।
মোহাম্মদ সিরাজ বলেন, মঙ্গলবার ভোর ৪টার দিকে ওই শেডের চালের বাঁশের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান ইয়াছমিনের পরিবার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহটির ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
উক্ত ঘটনায় ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে বলেও জানান এপিবিএন পুলিশের এ কর্মকর্তা।


