রাজধানীর গুলশান, বনানী ও উত্তরাসহ দেশের বিভিন্ন স্থানে বার ও অ্যালকোহল পরিবেশনকারী প্রতিষ্ঠান রাত ১১টার মধ্যে বন্ধ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্টে রিট করেন সু্প্রিম কোর্টের আইনজীবী এসএম জুলফিকুর আলী জুনু।
রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট বিশেষায়িত পুলিশ ইউনিটের মহাপরিচালক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা কাস্টম হাউসের কমিশনারকে বিবাদী করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, যেসব বার বা অ্যালকোহল পরিবেশনকারী প্রতিষ্ঠানের জন্য বৈধ লাইসেন্স, সরকারি প্রজ্ঞাপন, আদেশ, বিধি বা অন্য কোনো আইনগত দলিলে বন্ধের নির্দিষ্ট সময় নির্ধারণ করা আছে, সেসব ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা কঠোরভাবে ও অভিন্নভাবে কার্যকর করতে হবে।
এ ছাড়া দেশে সব বারের জন্য অভিন্ন জাতীয় বন্ধের সময় নির্ধারিত না থাকলে রাত ১১টার মধ্যে বার ও অ্যালকোহল পরিবেশন বন্ধের একটি অভিন্ন নীতি চালু করা যায় কি না, তা পরীক্ষা ও বিবেচনা করে আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।


