রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মো. মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে নগরীর মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলের কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার রাতে নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন মোস্তফা। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি খোসা পড়ে থাকতে দেখা গেছে জানান এলাকাবাসী। তবে কে বা কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। এদিকে নিহতের স্বজনরা জানান, তার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে আনার আগেই মোস্তফার মৃত্যু হয়েছে। তার ডান পায়ে গুলি লেগেছে। মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো ঘটনার কারণ জানা যায়নি।
নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক সম্পৃক্ততার তথ্যও পাওয়া যায়নি উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।


