রাজধানীর যাত্রাবাড়ীর দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জাকারিয়া (৩২) নামে অন্য এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে ধলপুর সরদার গলিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১২টার দিকে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
আহত জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার জানান, ধলপুর সরদার গলিতে তার স্বামীর রিকশার গ্যারেজ রয়েছে। রাতে গ্যারেজের সামনে ইমরানসহ তার স্বামী বসে ছিলেন। সে সময় চারটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত সাত থেকে আটজন দুর্বৃত্ত এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে দুইজনই গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, নিহত ইমরানের মাথায় গুলি লেগেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। জাকারিয়ার বাম পায়ে ও ডান হাতে গুলির আঘাত রয়েছে এবং তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিব জানান, গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


