ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘চক্র’-এর দ্বিতীয় সিজন। প্রথম মৌসুমের সাফল্যের পর নতুন কিস্তি নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা ভিকি জাহেদ। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এই সিরিজে এবারও রহস্য, অস্বস্তি আর মানসিক বিভ্রমের জটিল গল্প উঠে আসবে বলে ইঙ্গিত দিয়েছেন নির্মাতা ও সংশ্লিষ্টরা।
‘চক্র ২’-এর গল্পে যুক্ত হয়েছে ২০০৭ সালের আলোচিত আদম পরিবারের ঘটনাকে ঘিরে তৈরি হওয়া এক অদ্ভুত মনস্তাত্ত্বিক ধাঁধা। এর সঙ্গে যুক্ত করা হয়েছে ‘শেয়ার্ড হ্যালুসিনেশন’ বা সম্মিলিত বিভ্রমের ধারণা, যা গল্পকে নতুন মাত্রা দেবে বলে ধারণা করা হচ্ছে।
সিরিজটিতে রহস্যময় এক চরিত্রে দেখা যাবে লাক্সতারকা আজমেরী হক বাঁধনকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটির ঘোষণা দিতে গিয়ে তিনি লিখেছেন, শয়তান সুখী সংসারই খোঁজে। আর যখন সেই শয়তান সবচেয়ে কাছের মানুষের রূপ নেয়, তখন পালানোর কোনো পথ থাকে না। ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের সত্য কী—এ প্রশ্নও ছুড়ে দেন তিনি।
বাঁধন আরও জানান, প্রথম সিজনের রুদ্ধশ্বাস সমাপ্তি থেকে নতুন গল্প শুরু হবে। তার ভাষায়, রহস্য যখন চরম উত্তেজনার জায়গায় পৌঁছেছিল, সেখান থেকেই শুরু হবে নতুন এক সাইকোলজিক্যাল খেলা। তবে সেটি সত্যিই কি ‘শেয়ার্ড হ্যালুসিনেশন’, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও ভয়ংকর কোনো বাস্তবতা—সে প্রশ্নের উত্তর মিলবে নতুন মৌসুমে।

এরই মধ্যে প্রকাশ পেয়েছে ‘চক্র ২’-এর ফার্স্ট লুক পোস্টার। সেখানে রক্তমাখা খালি গায়ে হাতে চাপাতি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অভিনেতা তৌসিফ মাহবুবকে। পোস্টারটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে কেউ কেউ ধারণা করেছিলেন, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। তবে তৌসিফ মাহবুব জানিয়েছেন, ছবিটি সম্পূর্ণ বাস্তব। চরিত্রটির জন্য তাকে দীর্ঘ সময় ধরে জিম করা, কঠোর ডায়েট মেনে চলাসহ নানা প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে।
প্রথম সিজনের মতো দ্বিতীয় মৌসুমেও তৌসিফকে দেখা যাবে ‘হুমায়ূন’ চরিত্রে। তবে এবার চরিত্রটির ভিন্ন কিছু দিক সামনে আসবে। অভিনেতার ভাষায়, চার বছর আগের হুমায়ূনের সঙ্গে বর্তমান হুমায়ূনের মানসিকতা ও অভিজ্ঞতার পার্থক্য তুলে ধরা ছিল বড় চ্যালেঞ্জ।
দুই বছর আগে মুক্তি পাওয়া ‘চক্র’-এর প্রথম সিজন দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছিল। সেই ধারাবাহিকতার পর এবার ‘চক্র ২’ নিয়ে প্রত্যাশাও অনেক বেশি। নির্মাতারা বলছেন, নতুন মৌসুমে রহস্য আরও গভীর হবে, আর গল্পের পরতে পরতে দর্শকদের সামনে উন্মোচিত হবে অপ্রত্যাশিত কিছু সত্য।


