ঢাকার যাত্রাবাড়ী থানায় করা মো. জাহাঙ্গীর (৫৪) হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে ফের গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার এই মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আগামীকাল আসামির জামিন সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য রেখে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত।মামলার এজাহারনামীয় ১৩ নম্বর আসামি হিসেবে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি ওমর ফারুকী জামিনের বিরোধিতা করে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চাইলে আদালত আগামীকাল শুনানির জন্য দিন ধার্য করেন।
মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তা (সিআইডি) পরিদর্শক মো. শামীম হোসেন সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আসামি এই ঘটনার পরিকল্পনা ও অপরাধ সংঘটনে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া যাচ্ছে।আদালত শুনানি শেষে তদন্ত কর্মকর্তার আবেদন গ্রহণ করে এবং নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তারের নির্দেশ দেয়।
মামলার এজাহারে বলা হয়, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় মো. জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পপরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাহাঙ্গীরের ছোট ভাই মো. উমর ফারুক বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন।
গত ৫ মে সাবেক এ রেলমন্ত্রী তিনটি মামলা থেকে হাইকোর্ট থেকে জামিন পান।


