রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্রকে মারধর করে ছিনতাইয়ের ঘটনায় পলাতক দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. তৌসিফ আহম্মেদ (২৫) ও তানজিল হাসান (২৪)।
সিটিটিসি সূত্র জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় রোববার সকাল সোয়া ৮টার দিকে মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং এলাকার গ্রিন উডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২৫ মার্চ রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মোহাম্মদপুর থানার মোহাম্মদীয়া হাউজিং রোডে গ্রিন উড স্কুলের সামনে ফুটপাতে জাহিরুল নামের এক ছাত্রকে পথরোধ ও মারধর করে ছিনতাইকারীরা। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
গ্রেপ্তার ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


