উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বাগেরহাটের মোংলায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় উপজেলার জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। পরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই মেডিকেল ক্যাম্পেইনে অত্র এলাকার মোট ১৩৩ জন দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধসামগ্রী দেওয়া হয়।
কোস্ট গার্ড উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান এই কর্মকর্তা।


