মুন্সিগঞ্জে মসজিদে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলায় আহত ৮

মুন্সিগঞ্জে মসজিদে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলায় আহত ৮
Advertisement
Advertisement

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার দয়হাটা গ্রামে একটি জানাজার নামাজে অংশ নিতে যাওয়া বিএনপির ৮ নেতাকর্মীর ওপর হামলা করেছে দলেরই প্রতিপক্ষ গ্রুপ।

শুক্রবার রাতে দেওভোগ দয়হাটা বায়তুল আমান জামে মসজিদের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন আহত হন। তাদের মধ্যে আব্দুর রহিম (৪৮), আক্তার হোসেন(৪৫), মমিনুল ইসলাম ফাহিম(২২) নামে তিনজনের অবস্থা গুরুতর।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সপুর অভিযোগ বিএনপি নেতা তরিকুল ইসলামের নেতৃত্বে লোকজন তাদের ওপর হামলা চালায়। উপজেলা মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে এই হামলার ‘মূল হোতা’ বলেও মন্তব্য করেন তিনি। মীর সরাফত আলী মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার এশার নামাজের আগে একটি জানাজায় অংশ নিতে মীর সরফত আলী সপু ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোমিন আলী দয়হাটা এলাকায় যান। তখনই তরিকুল ইসলামের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল সপু-মোমিন আলী গ্রুপের লোকজনের উপর অতর্কিত হামলা করে। এসময় বিএনপি ও ছাত্রদলের ৮ নেতাকর্মী আহত হয়। অন্যান্য নেতাকর্মীরা আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মীর সরফত আলী সপু বলেন, ‘আমি নামাজ পড়ছিলাম, হঠাৎই খবর পাই বিএনপির কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। কর্মীরা দৌড়ে মসজিদে ঢুকলেও সন্ত্রাসীরা মসজিদের ভেতরে ঢুকে অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। প্রশাসনের কাছে দাবি জানাই হামলাকারীরা যে দলেরই হোক তাদের গ্রেপ্তার করতে হবে।’

আরও পড়ুন

মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে হামলার ‘মূল হোতা’ উল্লেখ করে তিনি বলেন, ‘তার নির্দেশেই এই হামলা হয়েছে।’

হামলার প্রতিবাদে শনিবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি পয়েন্টে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের সবাইকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

এ বিষয়ে শ্রীনগর বিএনপির সাধারণ সম্পাদক ও মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লার নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সমন্বয়ক হাফিজুর রহমান খান বলেন, ‘ঘটনার সময় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের কোন লোকজন সেখানে ছিল না, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে তা দেখা যাবে। তিনি বিএনপির সবাইকে এক সঙ্গে নিয়ে নির্বাচন পরিচালনা করতে চাইছেন। তার কাউকে বাধা দেওয়ার কোন প্রশ্নই আসে না। এসব অভিযোগ শতভাগ অবান্তর।’

অনেকেই মনোনয়ন চেয়ে না পেয়ে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে এসব ষড়যন্ত্রমূলক অপপ্রচার করছেন, বলে মন্তব্য করেন তিনি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এএসপি সার্কেল, পুলিশ, র‌্যাবসহ গোয়েন্দা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে (তরিকুলের বড় বোন) হেফাজতে নেওয়া হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad