রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) এএমএম নাসিরউদ্দিনের হাতে মনোনয়নপত্র তুলে দেন।
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রধান নির্বাচনী কর্মকর্তা হচ্ছেন সিইসি। মির্জা ফখরুল ইসলামের দুটি মনোনয়নপত্রের প্রস্তাবক ও সমর্থক হচ্ছেন আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়।
এর আগে মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয় বিএনপি। পরে আব্দুল মঈন খানের নেতৃত্বে দলের নেতারা মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যান। এসময় দলের অন্য নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
এবার দু’জন প্রার্থী হওয়ায় আগামী ২০ ডিসেম্বর সংসদ ভবনে সংসদ সদস্যরা প্রকাশ্যে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। অপর প্রার্থী হলেন জামায়াত জোট মনোনীত কর্নেল(অব.) অলি আহমদ।


