রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় অন্তত চারজনকে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তিরা পোশাকশ্রমিক নন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।
এদিন সকালে মিরপুর-১০ ও ১১ নম্বরসহ পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে বিভিন্ন সড়কে অবস্থান নেন শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের উপকমিশনার তৌহিদুল আরিফ বলেন, পোশাকশ্রমিকদের আন্দোলনে দুষ্কৃতকারীরা অনুপ্রবেশ করেছে।
তিনি আরও জানান, প্রকৃত পোশাক শ্রমিকরা ছুটি হলে বা কাজের শেষে যার যার মতো বাড়ি চলে গেছেন এবং অনেকে কারখানায় কাজ করছেন। আন্দোলনের আড়ালে কারা ইন্ধন জোগাচ্ছে এবং কী উদ্দেশ্যে এই নাশকতা করা হচ্ছে, তা পরবর্তীতে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
বর্তমানে মিরপুর-১০ গোলচত্বরসহ প্রধান সড়কগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যে–কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অলিগলিগুলোতেও পুলিশের বিশেষ নজরদারি ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।


