গাইবান্ধা সদরে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, সে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
রোববার বিকালে উপজেলার বোয়ালী ইউনিয়নের মধ্য রাধাকৃষ্ণপুরে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থীর নাম সাদিয়া আক্তার (১৪)। সে ওই গ্রামের আব্দুস সালামের মেয়ে এবং শহরের শাহ্ আহম্মদ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৫টার দিকে নিজের বাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে সাদিয়া। টের পেয়ে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতলে নেন স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সুমঙ্গল বলেন, প্রাথমিকভাবে জানা গেছে বাবা-মার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে মেয়েটি।
পরিবারের বরাতে তিনি বলেন, ‘মেয়েটির মানসিক সমস্যাও ছিল। এরআগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল সে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করছি।’


