রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হওয়ার ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হলো।
নিহতরা হলেন শাহিন (২৪) ও তার ভাগনি হাফসা আক্তার (৮)। বৃহস্পতিবার রাত ১টার দিকে হাফসা এবং শুক্রবার সকাল ৬টার দিকে শাহিন মারা যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহিনের শরীরের ৫০ শতাংশ এবং হাফসার ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ ফাহিমা বর্তমানে ৪৫ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
এর আগে, মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর ভাটারার নতুনবাজার ১০০ ফিট সড়কের একটি ছয়তলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রতিবেশী মো. জসিম উদ্দিন জানান, শাহিন একটি কাপড়ের শোরুমে কাজ করতেন। বিস্ফোরণের বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি তিনজনকে দগ্ধ অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তার ধারণা, তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে রাতে ঘরের ভেতরে গ্যাস জমে ছিল। ভোরে রান্না বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়ে বিস্ফোরণ ঘটে।
দগ্ধ ফাহিমার চাচি শামীমা সুলতানা অভিযোগ করেন, বাসায় ওঠার পর থেকেই গ্যাসের গন্ধ পাওয়া যেত। বিষয়টি বাড়িওয়ালাকে জানানো হলে একবার পাইপ মেরামত করা হলেও পরে একাধিকবার লিকেজ হলেও আর তা ঠিক করা হয়নি। বাড়িওয়ালার অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।


