ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার কালিকচ্ছ বাজারে সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের মো. খাদিমের কাছে সুদের ১ লাখ টাকা পাবেন বলে দাবি করেন। খাদিম টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার রাতে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। ওই সংঘর্ষে খাদিম নিহত হন। গতকাল সোমবার বিকেলে খাদিমের জানাজা শেষে দুই গ্রামবাসী আবারও সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ৩০ জন আহত হন।
আজ সকালে তৃতীয় দিনের মতো ফের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, থেমে থেমে সংঘর্ষ চলছে।
সরাইল-আশুগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা করছি। আশা করছি খুব দ্রুত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে।’


