৪৩তম বিসিএসের নন ক্যাডারদের ৮ হাজার ৫০১ পদ সংরক্ষণে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন আইনজীবী নাঈম সরদার ও আশরাফুল করিম সাগর। পিএসসির পক্ষে আইনজীবী মো. মনিরুজ্জামান আদালতে শুনানি করেন।
এর আগে ২৯ জানুয়ারি ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ও ক্যাডারপদে সুপারিশ পায়নি; মো. মারুফ হোসেন, মো. হাসান সরদার, মো. ফারুকুল ইসলামসহ এমন ৫০০ জন চাকরিপ্রার্থী রিট দায়ের করেন। পরে আরো ২৭৩ জন রিটে পক্ষভুক্ত হন। রিটে পিএসসি চেয়ারম্যান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
রিটে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০ সালের ৩০ নভেম্বর প্রকাশিত হয়। প্রিলিমিনারি পরীক্ষার পরে ওই বিসিএসে সর্বমোট ৯ হাজার ৮৪১ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পিএসসি ২০২৩ সালের ১৪ ডিসেম্বর, নন ক্যাডার পদে চাকরি করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে পছন্দ ক্রম আহ্বান করে। ওই বছরের ২৬ ডিসেম্বর বিভিন্ন ক্যাডার সার্ভিস পদে ২ হাজার ১৬৩ জনকে এবং একই সঙ্গে ৬৪২ জনকে বিভিন্ন নন ক্যাডার পদে সুপারিশ করা হয়। অথচ নন ক্যাডার মেধা তালিকা প্রকাশ করা হয়নি। এটি নন ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০, সংশোধিত ‘বিধিমালা ২০১৪’ এর পরিপন্থী।
৪৩তম বিসিএস সার্কুলারে বলা হয়েছিল যে, সংশ্লিষ্ট বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে বঞ্চিত নন ক্যাডার প্রার্থীদের নন ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০, সংশোধিত ‘বিধিমালা ২০১৪’ অনুযায়ী সুপারিশ করা হবে। উক্ত বিধি অনুযায়ী পিএসসি বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসা পদগুলোকে সংরক্ষণ করবে এবং পরবর্তী বিসিএস এর চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সংশ্লিষ্ট বিসিএস এর নন ক্যাডার প্রার্থীদের ধাপে ধাপে সুপারিশ করবে। কিন্তু পিএসসি নন ক্যাডারদের মেধা তালিকা প্রকাশ না করেই বিধি বহির্ভূতভাবে ৬৪২ জনকে বিভিন্ন নন করার পদে সুপারিশ করেছে যা আইনের দৃষ্টিতে অন্যায়, যা বাতিল করা আবশ্যক।
ওই রিটের শুনানি নিয়ে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জনকে নন ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগের সুপারিশ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। একইসঙ্গে ৪৪তম বিসিএসের ফল প্রকাশ না করা পর্যন্ত যত নন ক্যাডার শূন্যপদ হবে তার তালিকা করে ৪৩তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার প্রার্থীদের থেকে নিয়োগের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।
মামলা চলমান থাকা অবস্থায় ২০২৫ মে মাসে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রেরিত নন ক্যাডার পদগুলোর সমন্বয় করে জনপ্রশাসন মন্ত্রণালয় ৮ হাজার ৫০১ পদে ৪৩তম বিসিএসের নন ক্যাডার প্রার্থীদের মধ্য থেকে সুপারিশের জন্য পিএসসিকে নির্দেশ দেয়। সম্প্রতি পিএসসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ৮ হাজার ৫০১ পদের মধ্য থেকে অনেকগুলো পদ প্রত্যাহার করে ৪৪তম বিসিএস নন ক্যাডার প্রার্থীদের মধ্য থেকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এই প্রেক্ষাপটে ৪৩তম বিসিএসের রিট আবেদনকারী ৭৭৩ জন নন ক্যাডারপ্রার্থী তাদের জন্য বরাদ্দকৃত ৮ হাজার ৫০১ নন-ক্যাডার পদ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জন্য সংরক্ষণের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করেন।


