ফের বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা ফারুক মাহফুজ আনাম ওরফে জেমস; যিনি ভক্তদের কাছে গুরু বা নগর বাউল হিসেবেই পরিচিত। জেমসের নতুন স্ত্রীর নাম নামিয়া আমিন, তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি।
জেমসের এটি তৃতীয় বিয়ে। অবশ্য এবার কেবল বিয়ের খবর নয়, একই সঙ্গে ছেলে সন্তানের জন্মের খবরও দিয়েছেন তিনি।
জনপ্রিয় এ তারকার ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন টাইমস অব বাংলাদেশকে বিয়ে-সন্তানের খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘জেমস-নামিয়ার পরিচয় ২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে। নগর বাউলের তখন আমেরিকা ট্যুর চলছিল। লস অ্যাঞ্জেলেসের সেই শোতে নামিয়ার সঙ্গে পরিচয় আর ঘনিষ্ঠতা, যা অবশেষে পরিণয়ে গড়ায়। আমেরিকা ট্যুর শেষে জেমস ফিরে আসেন বাংলাদেশে। কিছুদিন যেতেই মনের টানে নামিয়াও ছুটে আসেন। তারপর ২০২৪ সালের ১২ জুন বিয়ের গাঁটছড়া বাঁধেন।’
এরপর থেকে জেমসের ঢাকার বনানীর বাসাতেই এই দম্পতি বাস করছেন।
এরইমধ্যে ২০২৫ সালের ৮ জুন সুখবর দেন জেমস-নামিয়া। তাদের কোল আলো করে আসে জিবরান আনাম। সেদিন মধ্যরাত সাড়ে ৩টার দিকে নিউ ইয়র্কের হান্টিং টং হসপিটালে জন্ম নেয় সে।

নতুন জীবন নিয়ে জেমস বলেন, ‘আল্লার অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। দোয়া চাই সবার কাছে। সবাই আমাকে প্রার্থনায় রাখবেন।’
তার ম্যানেজার রবিনের মতে, জেমস-নামিয়ার বোঝাপড়াটা দারুণ। নামিয়ার বাবা নুরুল আমিন আর মা নাহিদ আমিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। নামিয়া যুক্তরাষ্ট্রেই বড় হয়েছেন। সেখানে একজন নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি রয়েছে তার।
এর আগে চিত্রনায়িকা রথি ও বেনজীর সাজ্জাদের সঙ্গে বিয়ে করেছিলেন জেমস।
২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজির সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদ হয় জেমসের। কারণ হিসেবে সেসময় জানা গিয়েছিল, বেনজীর তাদের একমাত্র মেয়ে জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু জেমস কোনোভাবেই গান আর দেশ ছাড়তে চাননি। তাই সমঝোতার ভিত্তিতেই দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়।
প্রথম স্ত্রী রথির ঘরে জেমসের এক ছেলে দানিশ ও মেয়ে জান্নাত। এরা দুজনেই পেরিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি। এখন নিজেদের জীবন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
জেমস্বের বন্ধু-স্বজনরা বলছেন, ৬১ বছর বয়সে জন্ম নেওয়া এই সন্তান ‘নগর বাউলের’ জীবনে টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে।


