ফরিদপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার বিকালে ঢাকার হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সুজন শেখকে গ্রেপ্তার করে র্যাব-১০।
জানা গেছে, তিনি ফরিদপুরের কোতয়ালী থানার পশ্চিম আলীপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার সন্ধ্যায় র্যাব ১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
জানা গেছে, গত ২ এপ্রিল সকালে আসামি সুজন শেখ ভুক্তভোগীকে তার বাড়ি থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ফরিদপুর গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ডের কাছে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন। এতে ভুক্তভোগী নারী অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলে তার পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় গত ৮ এপ্রিল ভুক্তভোগী নারী ফরিদপুরের কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামিকে আইনের আওতায় আনতে র্যাব ১০-এর অধিনায়ককে একটি চিঠি পাঠান।
সে অনুযায়ী হাজারীবাগ থেকে আসামিকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।


