ঢাকার গুলিস্তান ফুলবাড়িয়া সিট সুপার মার্কেটে সহকর্মীর ছুরিকাঘাতে ইয়ারুল হোসেন (২১) নামে এক দোকান কর্মচারী আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
দোকান মালিক মজনু জানান, তার দোকানের নাম সেভেনআপ কালেকশন। তার দোকানেই কাজ করে ইয়ারুল। একই দোকানে কাজ করে সানি নামে আরেক যুবক। তাদের দুজনের মধ্যে এর আগেও নানা কারণে ঝগড়া হয়েছিল। রোববার সন্ধ্যায়ও সামান্য বিষয় নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সানি ধারালো ছুরি এনে ইয়ারুলের পিঠে আঘাত করে। এতে ছুরিটি তার পিঠের হাড়ে আটকে যায়। এরপরই সানি পালিয়ে যায় এবং ইয়ারুলকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, ইয়ারুলের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তার বাবার নাম জাহাঙ্গীর হোসেন। বর্তমানে পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় থাকেন তিনি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, আহত ওই দোকন কর্মচারীকে জরুরি বিভাগে আস্ত্রোপচার করছেন চিকিৎসকরা। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


