আলোচিত পিকে হালদারের বান্ধবী ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাইয়ের ১ কোটি ৮৯ লাখ টাকার ফ্ল্যাট ও জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।
রোববার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রুনাইয়ের ধানমন্ডির র্যাগস ভিউ পার্কের ফ্ল্যাট, চট্টগ্রামের খুলশীর ১০ শতক জমিসহ ৬ তলা আবাসিক ভবন জব্দের আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া তার ঢাকার উত্তরার তিন কাঠার প্লট ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৬ কাঠা অকৃষি জমিও জব্দ করা হয়েছে।
দুদকের আবেদনে এসব সম্পত্তির মূল্য দেখানো হয়েছে এক কোটি ৮৯ লাখ ৯ হাজার ৭৫২ টাকা। দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক সজীব আহমেদ এসব সম্পত্তি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, নাহিদা রুনাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। গোপন সূত্রে জানা গেছে, এসব স্থাবর সম্পদ বেহাত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। নাহিদা রুনাইয়ের স্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর করার চেষ্টা করা হচ্ছে। এসব স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে এসব স্থাবর সম্পদ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।


