পাবনা সদরে ডোবা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় তুহিন খাঁ (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ পূর্বপাড়া লালগোলা এলাকায় তার শ্বশুরবাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এসব তথ্য জানান।
নিহত তুহিন খাঁ সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবি খার ছেলে। স্ত্রী আফসানা খাতুন ও তার শশুরের নাম আকতার হোসেন। তিনি নলদহ লালগোলা এলাকার দুবাই প্রবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার তুহিন শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। এরপর সন্ধ্যার দিকে স্ত্রী আফসানার সঙ্গে তার ঝগড়া হয়। স্থানীয়রা সকালে ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের গলায় গামছা পেঁচানো ছিল।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘তিনি মসজিদের বারান্দায় রাতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। রাত ২টার দিকে আমরা খবর পাই। তবে সেসময় ঘটনাস্থলে যাওয়ার পর মরদেহ খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় লোকজন হয়তো তার মরদেহ পুকুরে ফেলে দেয়। পরে সকালে মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।’
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনা তদন্ত করা হবে। এরপরই মৃত্যুর আসল রহস্য জানা যাবে। তবে প্রাথমিক তথ্যে জানা গেছে, তিনি মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন নিয়ে তার শ্বশুড়বাড়িতে ঝগড়াও হয়েছিল।


