পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর-লুটপাট

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর-লুটপাট
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট হয়েছে।

বৃহস্পতিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায় বলে স্থানীয়দের ধারণা।

স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা কার্যালয়টিতে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র লুট করে। কার্যালয়ের এক পাশের টিনশেড ঘরে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয়, অন্য পাশের ঘরে বীর মুক্তিযোদ্ধা হযরত আলী থাকতেন। দুর্বৃত্তরা ঘর দুটিও ভেঙে ফেলেছে। যেসব আসবাব ও নথিপত্র নিতে পারেনি, সেগুলো তছনছ করেছে।

ঘটনাস্থলটি পাকুন্দিয়া থানা থেকে মাত্র ১০০ গজ দূরে হওয়ায় স্থানীয়রা বিস্মিত।

আরও পড়ুন

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, ‘রাতের আঁধারে কারা এ ঘটনা ঘটিয়েছে, জানি না। তবে কার্যালয়ের জায়গাটি নিয়ে আদালতে মামলা চলছে। মালিকানার সব বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে।’ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘ঘটনার অনুসন্ধান চলছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad