ঢাকা থেকে কক্সবাজারগামী নোভোএয়ারের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে নিরাপদে অবতরণ করেছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে নোভোএয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর বিমানের ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে সমস্যা দেখা দেয়।
পরে পাইলট পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আকাশে চক্কর দেন। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ শেষে বিমানটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
জানা গেছে, ফ্লাইটটিতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা হুমায়ুন কবিরও যাত্রী হিসেবে ছিলেন।


