নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
হেলমেট পরিহিত চার ব্যক্তি দুটি মোটরসাইকেলে করে এসে ব্যাংক কর্মকর্তাদের পথরোধ করে এ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়। ছিনতাইকারীদের হামলায় ব্যাংকের দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত দুই কর্মকর্তা হলেন, আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে আদমদিঘী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের আগে সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করা হয়। এর সঙ্গে এজেন্ট শাখার মালিক ফিরোজ হোসেনের কাছ থেকে আরও ৪ লাখ টাকা নেওয়া হয়। সব মিলিয়ে ৩৪ লাখ টাকা নিয়ে দুই কর্মকর্তা একটি মোটরসাইকেলে করে সান্তাহার থেকে রাণীনগরের আবাদপুকুরের উদ্দেশ্যে রওনা দেন।
পথে আবাদপুকুর-আদমদিঘী সড়কের পারইল ব্রিজের পাশে টাওয়ার এলাকায় পৌঁছালে হঠাৎ সামনে ও পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে চার ব্যক্তি তাদের ঘিরে ফেলেন। প্রত্যেকের মাথায় হেলমেট ছিল বলে জানা গেছে।
একপর্যায়ে তারা ব্যাংকের দুই কর্মকর্তার পথরোধ করে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। হামলার একপর্যায়ে কর্মকর্তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
আবাদপুকুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার মালিক ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
ঘটনার পরপরই বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা শুরু হয়েছে। ছিনতাইকারীরা কোন দিকে পালিয়ে গেছে এবং তাদের শনাক্ত করতে আশপাশের এলাকার তথ্য সংগ্রহসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারসহ ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।’


