সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া চারজনের মধ্যে একজন পুরুষ এবং তিনজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬৭১ জন ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৭৩ জন, যার মধ্যে ১৪৪ জন পুরুষ ও ১২৯ জন নারী এবং মোট আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৪৬৪ জন, যার মধ্যে ৪১ হাজার ৭৬৩ জন পুরুষ ও ২৫ হাজার ৭০১ জন নারী।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।


