শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ও উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায় সরকার বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
রোববার ঢাকায় নভোথিয়েটারে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এন্ড বিইএআর সামিট ২০২৬’-এর দ্বিতীয় দিনে ‘বাংলাদেশ ডিপ-টেক ফিউচার’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
মন্ত্রী জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত চিপ ডিজাইন ও বায়ো-ইলেকট্রনিক্সের মতো উচ্চপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ চলছে। বাংলাদেশ প্রযুক্তি ব্যবহারকারী নয়, বরং প্রযুক্তি উদ্ভাবক ও নির্মাতা দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। ভবিষ্যৎ প্রযুক্তিপণ্য ও সেবার উদ্ভাবন ও রপ্তানিতে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের বিকাশে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, দেশের তরুণরাই এই খাতের নেতৃত্ব দিতে সক্ষম। উদ্ভাবন, গবেষণা ও নীতিগত সহায়তায় তরুণদের পাশে থাকবে সরকার।
অনুষ্ঠানে বৈশ্বিক একাডেমিক প্লেনারি অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পারড্যু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রি পেরুলিস।
এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, পারড্যু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মোস্তফা হোসাইন সঙ্গে সিলিকন রিভার বাংলাদেশের চিফ আর্কিটেক্ট ও নভোথিয়েটারের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া ।


