দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ২০ অক্টোবরের দৈনিক ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১৯ অক্টোবর সকাল ৮টা থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন রোগী ভর্তি ও মৃত্যুর এই তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন।
এ সময়ে ডেঙ্গুতে মোট ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৩১৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৯৪৪ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগ ও সিটি করপোরেশনভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৪১৫ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায়। খুলনা বিভাগে ১৪১, রংপুর বিভাগে ১২৮, ময়মনসিংহ বিভাগে ১১৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১০, চট্টগ্রাম বিভাগে ১০৫, রাজশাহী বিভাগে ৮০, সিলেট বিভাগে ১১ এবং বরিশাল বিভাগে ১৯১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ৭২ জন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং রংপুর বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় একজন করে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আরও দুজনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৯৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়।
খুলনা বিভাগে ৬৫, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৪৮, চট্টগ্রাম বিভাগে ৩২, বরিশাল বিভাগে ২৮, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ২৭ জন করে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৪, রংপুর বিভাগে ২৩ এবং সিলেট বিভাগে সাতজনের মৃত্যু হয়েছে।


