টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী সাবরাং ডেইলপাড়া এলাকায় একটি অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১টি জি-৩ রাইফেল, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১টি জি-৩ রাইফেলের ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদকদ্রব্য ও দেশি-বিদেশি অস্ত্র-গোলাবারুদের একটি চালান পাচারের চেষ্টা চলছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় উক্ত এলাকায় একটি ত্রিমুখী অভিযান পরিচালনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবির আভিযানিক দল রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে কৌশলগত অবস্থান গ্রহণ করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভোর আনুমানিক ৪টার দিকে একটি ইজিবাইকে করে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে অগ্রসর হওয়ার সময় বিজিবি সদস্যরা অস্থায়ী চেকপোস্টে তাদের থামার সংকেত দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ইজিবাইকটি ঘটনাস্থলে ফেলে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন

পরবর্তীতে পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি জি-৩ রাইফেল, ১টি দেশীয় তৈরি এলজি, ১টি জি-৩ রাইফেলের ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ ও ইজিবাইকসহ অন্যান্য আলামতের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যোগ করেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad