টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার চেষ্টা যুবকের, কারাদণ্ড

টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার চেষ্টা যুবকের, কারাদণ্ড
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে জাল কাগজপত্রের মাধ্যমে ভুয়া পরিচয়ে ভোটার হওয়ার আবেদন করার অভিযোগে নুরুল আজিজ (২২) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত নুরুল আজিজ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার মো. হাফেজের ছেলে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটার হওয়ার আবেদনে নুরুল আজিজ নিজেকে দৈংগ্যাকাটা গ্রামের বাসিন্দা উল্লেখ করেন। তবে সেখানে পিতার নাম হিসেবে মো. রশিদ উল্লেখ করে নাগরিকত্ব ও চারিত্রিক সনদ, জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ের সময় এসব কাগজপত্রে তথ্যের অসংগতি ধরা পড়লে নির্বাচন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন।

আরও পড়ুন

পরে অনুসন্ধানে তার প্রকৃত পিতার নাম মো. হাফেজ বলে নিশ্চিত হয় নির্বাচন অফিস। এমনকি তার স্কুল সার্টিফিকেটেও পিতার নাম হাফেজ আহমদ উল্লেখ রয়েছে। এতে অন্য ব্যক্তিকে পিতা পরিচয় দিয়ে নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাগজপত্র তৈরি করে ভিন্ন পরিচয়ে ভোটার হওয়ার আবেদনের বিষয়টি সামনে আসে।

টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সালাউদ্দীন আল আজাদ টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আবেদনকারীর দাখিল করা কাগজপত্রে অসংগতি পাওয়ার পর তা যাচাই করা হয়। জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থার জন্য তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান টাইমসকে বলেন, ‘সনদ ও জন্মনিবন্ধন সংক্রান্ত জালিয়াতির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার পরিচয় ও নাগরিকত্বের বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে।’

ভোটার তালিকা প্রণয়ন কার্যক্রমে সঠিক পরিচয় ও তথ্য নিশ্চিত করতে এবং জাল-ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভোটার হওয়ার অপচেষ্টা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad