ঝিনাইদহে মরমী কবি ও সাধক পাগলা কানাইয়ের ১৩৭তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রোববার বিকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে কবি পাগলা কানাইয়ের সমাধিস্থলে এ অনুষ্ঠানের আয়োজন করে পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদের সভাপতি ও জেলা প্রশাসক মো. নোমান হোসেন। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।
ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান। এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বলেন, লালন শাহ ও হাসন রাজার মতো পাগলা কানাইয়ের সংগীত, কবিতা ও জীবনদর্শন নিয়েও গবেষণা হতে পারে। তার স্মৃতি বিজড়িত সমাধি সংরক্ষণ এবং সৃষ্টিকর্ম সংগ্রহের মাধ্যমে দেশের সাংস্কৃতিক সমৃদ্ধি আরও বৃদ্ধি পাবে।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, মরমী কবি পাগলা কানাই বাঙালি সংস্কৃতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তার সৃষ্টিকর্ম ও সংগীতের স্বতন্ত্র একটি ধারা রয়েছে। যার মধ্য দিয়ে তিনি ধর্মীয় রীতি, প্রথা ও চেতনার সঙ্গে মানুষের জীবনাচার ও সংস্কৃতির দারুণ মেলবন্ধন ঘটিয়েছেন।
তিনি আরও বলেন, পাগলা কানাইয়ের স্মৃতি সংরক্ষণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে পাগলা কানাইয়ের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


