ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ‘ভুয়া’ ভোট দেওয়ার সময় সাকিব আহমেদ (১৬) নামে এক কিশোরকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি বুথ থেকে তাকে আটক করা হয়।
আটক সাকিব আহমেদ উপজেলার ভেড়াখালী গ্রামের স্কুলশিক্ষক ঝন্টু মিয়ার ছেলে।
ঝিনাইদহ-২ আসনের নির্বাচনী ম্যাজিস্ট্রেট ও হরিণাকুণ্ডু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা জানান, এক অপ্রাপ্তবয়স্ক কিশোর সোনাতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বুথে প্রবেশ করে ভোট দেওয়ার চেষ্টা করে। তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে। বয়স কম হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। তবে কেন্দ্রের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত তাকে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, একই দিন দুপুরে উপজেলার ফলসি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেনকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. দিদারুল আলম।


