জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল আমদানি নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যান এক চোরাকারবারী।

সোমবার ভোর ৫টার দিকে জীবননগর থানার গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। সকালে সংবাদ মাধ্যমে পাঠানো মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির আওতাধীন গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর গ্রামের কুলোপাড়া গোয়ালদারের পুকুরের দক্ষিণ পাড়ে আমবাগানে অবস্থান করছিল।

এ সময় তারা একজন চোরাকারবারীকে ধাওয়া করলে তিনি একটি লাল প্লাস্টিকের নেটের বস্তা ফেলে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে ভারতে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৭৮ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেন।

একই বস্তার মধ্যে স্কচটেপ দিয়ে প্যাঁচানো সবুজ পলিথিনের ব্যাগে একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা দেশীয় পিস্তল, গুলি ও এসকাফ সিরাপ জীবননগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad