জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর করল পুলিশ

জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর করল পুলিশ
আইজিপি মো. আলী হোসেন ফকির উদ্ধার করা ল্যাপটপটি কিরিল ল্যান্ডার উইবারের হাতে তুলে দেন। ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

নাটোর রেলওয়ে স্টেশন থেকে হারিয়ে যাওয়া জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারের ল্যাপটপ উদ্ধার করে তার হাতে তুলে দিয়েছে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সদর দপ্তরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উদ্ধার করা ল্যাপটপটি পর্যটকের হাতে তুলে দেন।

পুলিশ জানায়, গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনের অপেক্ষাকক্ষে ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথ থেকে টাকা তুলতে যান ১৮ বছর বয়সী জার্মান পর্যটক কিরিল। ফিরে এসে তিনি ল্যাপটপ ও ক্যামেরা খুঁজে পাননি। পরে তিনি নাটোর থানায় লিখিত অভিযোগ দিলে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

ঘটনাটি তদন্তে নাটোর সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল কাজ শুরু করে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের নির্দেশনায় ধারাবাহিক অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

পরে আইজিপি মো. আলী হোসেন ফকির ও রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদের উদ্যোগ ও সমন্বয়ে ল্যাপটপটি পুলিশ সদর দপ্তরে এনে পর্যটকের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

এ সময় পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জিডির তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। ভালো কাজের স্বীকৃতি হিসেবে নাটোর সদর থানার ওসি ও তদন্তকারী কর্মকর্তাকে আর্থিক প্রণোদনাও দেন আইজিপি।

পুলিশ জানায়, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনে এসেছিলেন কিরিল। নাটোর থেকে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার। ল্যাপটপ হারানোর পর তিনি পুলিশের সহযোগিতা চান।

হারানো সম্পদ উদ্ধারের এ ঘটনাকে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের অভিযোগের কার্যকর প্রতিকারে পুলিশের পেশাদারত্বের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে নাটোর জেলা পুলিশ।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad