ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহের উদ্দেশ্যে নেওয়ার পথে জামালপুরে প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আটক পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও মোট ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার ভোরে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকার মিরাপুর ঘাট থেকে একটি পিকআপ ভ্যানসহ ১৩ বস্তা মাংস জব্দ করা হয়। পরে দুপুরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমন হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক পাঁচজনকে সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন জুয়েল, শহীদ মিয়া, আফজাল মিয়া, হুমায়ুন ও রাসেল মিয়া। তাদের মধ্যে মূল হোতা হিসেবে চিহ্নিত তিনজনকে ছয় মাস এবং পিকআপের চালক ও হেলপারকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের মোট ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নরুন্দি চকবাজার এলাকায় ঢাকাগামী একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় ১৩টি বস্তায় রাখা প্রায় ৯৫০ কেজি মাংস পাওয়া যায়। মাংসগুলো মিরাপুর ঘাট থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল। প্রাথমিকভাবে এগুলো ঘোড়ার মাংস বলে শনাক্ত করা হয়েছে।
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র এ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য রয়েছে। মাংসের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।


