জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ

জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ, দুই ঘণ্টা যান চলাচল বন্ধ
তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামালপুরের ইসলামপুর উপজেলার একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির খবর ফেসবুকে ছড়িয়ে পড়লে শতাধিক মোটরসাইকেল চালকের ভিড় জমে। তবে দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কের মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন মোটরসাইকেল চালকরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রি হবে; এমন খবর ছড়িয়ে পড়ে। এরপর সকাল থেকেই শতাধিক মোটরসাইকেল চালক তেল নেওয়ার আশায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও পাম্প বন্ধ থাকায় কোনো তেল সরবরাহ করা হয়নি।

এতে অপেক্ষায় থাকা চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা সড়কে নেমে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন।

আরও পড়ুন

অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

পরে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অবরোধ তুলে দেন। এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, ফেসবুক পোস্টের ভুল তথ্য থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad