জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আজম খান।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, প্রক্টর অধ্যাপক নাসির উদ্দিনের অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে অধ্যাপক মো. আজম খানকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীকাল ১২ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে।
দায়িত্ব পালনকালে অধ্যাপক আজম খান বিধি অনুযায়ী মোটরযান ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে অধ্যাপক আজম খান বলেন, ‘আমাকে একপ্রকার জোর করেই এই পদে দেওয়া হয়েছে। বর্তমান প্রক্টর অসুস্থ থাকায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি প্রক্টর হিসেবে বেশিদিন থাকব না। এখানে অনেক দায়িত্ব রয়েছে। আমার পক্ষে সব দায়িত্ব পালন করা সম্ভব হবে না।’
অধ্যাপক মো. আজম খান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইইআর) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।


