জনগণের প্রয়োজন থেকেই বড় প্রকল্প: প্রতিমন্ত্রী

জনগণের প্রয়োজন থেকেই বড় প্রকল্প: প্রতিমন্ত্রী
Advertisement
Advertisement

মেগা প্রকল্প না নেওয়ার প্রতিশ্রুতি দিলেও সরকার একের পর এক বড় প্রকল্প অনুমোদন দিচ্ছে সরকার। তবে এসব প্রকল্প জনগণের প্রয়োজন বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪১ হাজার ৯০ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

এদিন সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভা শেষে বিকেলে আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

এ সময় সাংবাদিকরা জানতে চান, নির্বাচনের আগে বিএনপি কোনো মেগা প্রকল্প গ্রহণ না করার কথা বলেছিল, কিন্তু মেট্রোরেলসহ একের পর এক বড় প্রকল্প অনুমোদন দেওয়া হচ্ছে। সংবাদমাধ্যমকে বিস্তারিত তথ্য না দিয়ে সরকার কি কোনো চাপে অবস্থান পরিবর্তন করছে?

জবাবে জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, ‘গোপনে বা কোনো চাপের কারণে প্রকল্প তৈরি হচ্ছে না, একান্তই জনগণের প্রয়োজন থেকে প্রকল্প তৈরি হচ্ছে। মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ বিষয় ঢাকা শহরের জন্য আর কী হতে পারে?’

আরও পড়ুন

তিনি বলেন, ‘ঢাকায় মানুষের বর্তমান যাতায়াতের এক-তৃতীয়াংশও যদি মেট্রোরেল কিংবা ভূগর্ভস্থ রেলব্যবস্থার আওতায় আনা না যায়, তাহলে রাজধানীতে চলাচল করাই অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই কোনো প্রকল্প মেগা নাকি অমেগা, সেটি এখন খুব গুরুত্বপূর্ণ নয়। বরং ঢাকার যাতায়াতব্যবস্থা কীভাবে উন্নত করা যায়, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।’

পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে বড় অঙ্কের বরাদ্দের যৌক্তিকতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষার মত গুরুত্বপূর্ণ বিষয় আর ধরেন কী হতে পারে এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যা যা প্রয়োজন, এটা সরকারের অগ্রাধিকার, দেশের অগ্রাধিকার এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চটা করব। এটা তো মেগা প্রকল্পের প্রশ্ন না।’

এদিকে, পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত ও পরিচালন যানবাহন কেনার দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বিশেষায়িত যানবাহন কেনায় ব্যয় হবে ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা। পরিচালন যানবাহন কেনায় ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩২৮ কোটি ৯২ লাখ টাকা। দুটি প্রকল্পই বাস্তবায়ন করবে বাংলাদেশ পুলিশ।

এ বিষয়ে জোনায়েদ সাকি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের আগে ও পরে পুলিশের বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বর্তমান সরকারের অঙ্গীকার অনুযায়ী দেশে বিনিয়োগনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন প্রয়োজন। এ লক্ষ্যেই পুলিশের সক্ষমতা বাড়াতে যানবাহন কেনার দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad