ছাগলকাণ্ডের সেই মতিউরের দুর্নীতি মামলায় বিচার শুরু

ছাগলকাণ্ডের সেই মতিউরের দুর্নীতি মামলায় বিচার শুরু
‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীর অভিযোগ গঠনের আদেশ দিয়ে আগামি ১৪ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন দুদক প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম।

গত ৫ জুলাই দুদকের পক্ষ থেকে মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন মীর আহমেদ আলী সালাম। মামলা থেকে আসামির অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া ও বিডিআর বিদ্রোহ মামলার প্রসিকিউটর আলহাজ্ব মো. বোরহান উদ্দিন৷

উভয়পক্ষের আবেদনের শুনানি নিয়ে আদালত ২১ জুলাই আদেশের দিন ধার্য করেছিল। তবে, ওই দিন শুনানির তারিখ পিছিয়ে পুনরায় ৩ অগাস্ট দিন ধার্য করা হয়।

সোমবার শুনানির সময় মতিউর রহমানকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। দোষী না নির্দোষ জানতে চাইলে, মতিউর রহমান নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। পরে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন।

আরও পড়ুন

ছবি: টাইমস

এরপর মতিউর রহমানের জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া ও আলহাজ্ব মো. বোরহান উদ্দিন ৷ দুদক প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম জামিনের বিরোধীতা করেন। পরে আদালত তার জামিনের আবেদন নাকচ করে দেন।

এর আগে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদক এ মামলা দায়ের করে। মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয় দুদক।

এতে উল্লেখ করা হয়, মো. মতিউর রহমানের দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ে নামে-বেনামে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে দুদক আই্নের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

২০২৪ সালে কোরবানির জন্য ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামের ছাগল কেনার ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়।

২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad