চুয়াডাঙ্গায় হামে আক্রান্ত হয়ে প্রথম শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় হামে আক্রান্ত হয়ে প্রথম শিশুর মৃত্যু
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গায় হামে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় ৯ মাস বয়সী শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হুমাইরা খাতুন সদর উপজেলার দীননাথপুর গ্রামের নিমতলাপাড়ার হুমায়ুন ইকবালের মেয়ে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় হামে আক্রান্ত হয়ে এই প্রথম শিশুর মৃত্যু হলো। শিশুটির নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হলে তা পজিটিভ আসে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হুমাইরাকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৯ এপ্রিল তাকে সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়। ২৩ এপ্রিল চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়িতে নেওয়া হলে পরদিন সকালে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্র জানায়, এ পর্যন্ত জেলায় প্রায় ৫০ জন রোগী হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর