চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে ২৬ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।
প্যানেলে ইব্রাহিম হোসেন রনিকে সহ সভাপতি (ভিপি), শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিবকে সাধারণ সম্পাদক (জিএস) ও শাহজালাল হলের সভাপতি সাজ্জাদ হোসেন মুন্নাকে সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী করা হয়েছে।
প্যানেলে দলীয় নেতা-কর্মীদের বাইরে সনাতন ধর্মাবলম্বী, জুলাই গণ-আন্দোলনে আহত শিক্ষার্থীদের রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের দ্বিতীয় তলায় চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলের শীর্ষ তিন পদের নাম ঘোষণা করেন শিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম। বাকি পদগুলোর নাম ঘোষণা করেন ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী। এরপর তারা মনোনয়ন জমা দেন।
সাইদুল ইসলাম বলেন, ‘চেষ্টা করেছি সব শিক্ষার্থীদের নিয়ে একটা সম্মিলিত প্যানেল দিতে। এই প্যানেল নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে চাকসুতে যেসব কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার এবং ছাত্রদের কল্যাণে যে উদ্যোগ নেওয়া দরকার, ছাত্রশিবির সেটা করবে।’

প্যানেলে আরও যারা রয়েছেন:
চাকসুতে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক শাহপরান মারুফ, সম্পাদক সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা হারেজুল ইসলাম, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক জন্নাতুন আদন নুসরাত, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী করা হয়েছে মাহবুবুর রহমানকে।
এছাড়া ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে নাহিমা আক্তা দ্বীপা, সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট এন্ড আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুইঁয়া, সহ যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক তাওহিদ রাব্বি, এবং পাঠাগার ও ক্যারিয়ার বিষয়ক সম্পাদক পদে শিবিরের হয়ে লড়বেন মাসুম বিল্লাহ।
সদস্যপদ
শিবিরের প্যানেলের সদস্যপদ প্রার্থী করা হয়েছে সমাজতত্ত্ব বিভাগের জান্নাতুল ফেরদৌস সানজিদা, আইইআর বিভাগের সালমান ফারসি, সমাজতত্ত্ব বিভাগের প্রতিবন্ধী শিক্ষার্থী আকাশ দাশ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সোহানুর রহমান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের আদনান শরীফকে।
তফসিল অনুযায়ী, আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাকসু নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ জন। বৃহস্পতিবার মনোনয়ন সংগ্রহের শেষ দিন।
২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ডাকসুর মতো ওএমআর পদ্ধতিতেই ভোট দেবেন এখানকার শিক্ষার্থীরা।


