চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে তোফায়েলেন্নেছা মায়া (৬৪) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বনবিভাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মায়া বনবিভাগ রোডের পাটওয়ারী বাড়ির মৃত বেলাল পাটওয়ারীর স্ত্রী। তার চারজন মেয়ে রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল। খবর পেয়ে তিনি ওই বৃদ্ধার বাড়িতে যান এবং সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।
স্থানীয়রা জানান, সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের একটি বাস মায়াকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে পৌঁছে দেন।
বৃদ্ধা মায়ার মেয়ে শাহীনা আক্তার বলেন, ‘প্রতিদিনই সকালে মা ওই সড়ক দিয়ে হাঁটতে যান। আজকেও হাঁটতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।’
চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, ‘যে বাসটি ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়েছে তা এখনো চিহ্নিত হয়নি। ঘটনার পরই সেটি পালিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি। ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) বরাবর আবেদন করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


