চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া বাড়ল ৩০ শতাংশ

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া বাড়ল ৩০ শতাংশ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগী ও মরদেহ পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সের ভাড়া ৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

সোমবার চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরি মতবিনিময় সভায় অ্যাম্বুলেন্স ভাড়া পুনর্মূল্যায়ন করে নতুন ভাড়ার তালিকা অনুমোদন করা হয়।

‘চমেক হাসপাতালের রোগী ও লাশ পরিবহনের নীতিমালায় বর্ণিত অ্যাম্বুলেন্স ভাড়া পুনর্মূল্যায়ন ও যৌক্তিককরণ’ শীর্ষক সভায় প্রধান অতিথি ছিলেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

শাহাদাত হোসেন বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে কোনোভাবেই অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। কোনো অভিযোগ প্রমাণিত হলে ভুক্তভোগীকে অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত দিতে হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির নেতারা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ বলেন, জ্বালানি, যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় তারা ভাড়া ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে আলোচনার পর ৩০ শতাংশ ভাড়া বৃদ্ধির বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়।

তিনি জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল চত্বরে বাইরের কোনো বাণিজ্যিক অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারবে না। তবে রোগী বা স্বজনদের নিজস্ব গাড়িতে পরিবহনের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।

এদিকে হাসপাতাল এলাকার যানজট নিরসনে চমেক রোডের অলি খাঁ মসজিদ থেকে প্রবর্তক মোড় পর্যন্ত প্রধান সড়কে অ্যাম্বুলেন্স পার্কিং নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন মেয়র।

তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী চমেক ও আশপাশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসেন। সড়কে যানবাহন দাঁড় করিয়ে জনদুর্ভোগ ও যানজট সৃষ্টি করা যাবে না। অ্যাম্বুলেন্সগুলোকে নির্ধারিত স্থানে, অর্থাৎ পাঁচলাইশ আবাসিক এলাকার প্রবেশমুখ ও জাতিসংঘ পার্ক সংলগ্ন গণপূর্ত বিভাগের খালি জায়গায় রাখতে হবে।

উল্লেখ্য, রোববার নোয়াখালীর সোনাইমুড়ী গন্তব্যে একটি অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে বিকালে চমেক হাসপাতালের পূর্ব গেট এলাকায় অ্যাম্বুলেন্স মালিক সমিতির সদস্যদের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটে। এর একদিন পরই ভাড়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত এলো।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad