চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে জাপানি সৈন্যদের দেহাবশেষ উত্তোলন সম্পন্ন

চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে জাপানি সৈন্যদের দেহাবশেষ উত্তোলন সম্পন্ন
চট্টগ্রাম ওয়ার সিমেট্রি। ছবি: উইকিপিডিয়া
Advertisement
Advertisement

চট্টগ্রাম ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত ১৮ জাপানি সৈন্যের দেহাবশেষ উত্তোলন ও জাপানে প্রত্যাবর্তন প্রক্রিয়া সফলভাবে শেষ হয়েছে।

জাপান সরকারের মনোনীত ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল গত ১৭ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে থেকে এ উত্তোলন কার্যক্রম পরিচালনা করেন। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় উত্তোলন কার্যক্রমে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা দেয় বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চল। পুরো কার্যক্রমের তত্ত্বাবধান এবং খননকার্যে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা ও খনন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির (অব.), বীর প্রতীক।

দেহাবশেষ উত্তোলন শেষে ২৮ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস বাহিনীর গার্ড অব অনারের মাধ্যমে নিহত সৈন্যদের প্রতি সম্মান জানানো হয়। পরে ওই ১৮ জাপানি সৈন্যের দেহাবশেষ জাপানে পাঠানো হয়।

২০২৪ সালে জাপান সরকারের অনুরোধে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহত ২৩ জাপানি সৈন্যের দেহাবশেষ উত্তোলন ও প্রত্যাবাসন সম্পন্ন হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর