বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সহযোগিতা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানিয়েছেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশবাসীর সম্মিলিত সমর্থনই পরিবারের শক্তি ও প্রেরণার উৎস।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা লিখেছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘বিশ্বের নানা প্রান্ত থেকে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য যেভাবে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া, সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে।’
লন্ডনপ্রবাসী বিএনপির এই নেতা পোস্টে আরও লিখেছেন, ‘দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি। এই কঠিন সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা রইলো।’
গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। তিনি হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণে ভুগছেন। এ ছাড়া রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের সমস্যা। বর্তমানে তার অবস্থা তিনি ‘খুব ক্রিটিকাল’ বলে সোমবার জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।


