কুষ্টিয়ার খোকসা রেলওয়ে স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার বিকালে স্টেশন চত্বরে ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে খোকসা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি থাকায় এলাকার মানুষ সহজেই রাজধানীসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করতে পারতেন। হঠাৎ করে এ সুবিধা প্রত্যাহার করায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়বে এবং খোকসার সঙ্গে ঢাকার রেল যোগাযোগে নেতিবাচক প্রভাব পড়বে।
বক্তারা অভিযোগ করেন, স্থানীয় মানুষের মতামত না নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে খোকসা স্টেশনে বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশ থেকে বক্তারা জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, গতকাল বুধবার রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ট্রেনটির যাত্রীসংখ্যা, আয়, আসন ব্যবহারের হার (অকুপেন্সি), বাণিজ্যিক সম্ভাবনা ও জনস্বার্থ বিবেচনায় খোকসা স্টেশনের পরিবর্তে কুমারখালী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়।


